ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহলও বাড়ানো হয়েছে।বুধবার গোপালগঞ্জের পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।




